শীঘ্রই চমক আসছে লক্ষ্মীপুর যুবলীগে
মোহনানিউজ ডেস্ক: যে কোনো সময় অনুমোদন দেয়া হচ্ছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি। তবে আহবায়ক নাকি পূর্ণাঙ্গ তা এখনো সিদ্ধান্ত নেননি কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে কয়েক দফায় পদপ্রত্যাশীদের বায়োডাটা যাচাই-বাছাই সম্পন্ন করেছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা। দলের প্রতি আনুগত্য এবং যোগ্যতার ভিত্তিতে সংগঠনটিতে পদ দেয়া হবে।
যুবলীগের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন,পরিস্থিতি বিবেচনায় আহবায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হবে।
যুবলীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যারা ছাত্রলীগের রাজনীতি থেকে এসেছে তাদেরকে কমিটিতে প্রাধান্য দেয়া হবে। এছাড়া বয়স ও পারিবারিক রাজনীতিও বিবেচনা করা হবে।
এদিকে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা দলীয় নির্দেশনায় প্রতিটি সভা ও সেবা মূলক কাজ করে যাচ্ছে। এরমধ্যে জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সাবেক জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভুইঁয়া,সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল আজিম বাবর, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রুপম হাওলাদার ও চৌধুরী মাহমুদুন্নবী সোহেল যুবলীগের নির্দেশনা ছাড়াও প্রতিনিয়ত সমাজের বিভিন্ন মানবিক, উন্নয়ন ও সেবা মূলক কাজ করে যাচ্ছেন। কমিটি অনুমোদন হলে তাদের কাজের আরো অগ্রগতি হবে বলে জানান পদ পত্যাশীরা।