শপথগ্রহণ শেষেই ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
রাঙামাটি জেলার ৪ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথগ্রহণ করতে আসেন তারা। সেখানে শপথগ্রহণ শেষেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালে উপজেলা পরিষদ চত্বরে গুলি করে হত্যা করা হয় শক্তিমান চাকমাকে। আমরা তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছি।