লক্ষ্মীপুর পৌর মহাশ্মশানে কী ঘটল ?
লক্ষ্মীপুর পৌর মহাশ্মশানের ভেতর দিয়ে সুয়ারেজ পাইপলাইন নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে মানিক সাহা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
শ্মশানের সভাপতি পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া কাজটি বন্ধ করে দিলেও ঘটনাস্থলে গিয়ে ভেক্যু দেখা গেছে। অভিযোগ রয়েছে লোকজনের অগোচরে কাজ করাচ্ছেন তিনি । শনিবার রাতেও ভেক্যু মেশিন দেখা গেছে সেখানে৷
মানিক সাহা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সদস্য।
হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, মানিক সাহা তার বাসার ময়লা-আর্বজনা পয়ঃনিষ্কাশনের জন্য শ্মশানের ভেতর দিয়ে মোটা পাইপ বসাচ্ছেন। পাইপ বসালে শ্মশানের পরিবেশ নষ্ট হবে। এ ঘটনায় তাদের অনূভুতিতে আঘাত লাগছে। তাই শ্মশানের পরিবেশ রক্ষার্থে কাজ বন্ধ রাখার দাবি করেন তারা।
স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিষয়ে মানিক সাহার বিরুদ্ধে কিছুদিন পূর্বে চাঁদাবাজি মামলা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় ভূমিদস্যতার অভিযোগ রয়েছে। শ্মশানের জমিও তার কবল থেকে রক্ষা পাচ্ছে না।
এ বিষয়ে মানিক সাহা বলেন, আমি আমার জমিতে পাইপ বসাচ্ছি। শ্মশানের জমিতে নয়। এলাকার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে।