লক্ষ্মীপুরে কারারক্ষীর ছেলে বাসায় ফিরছে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ১০:২৮ পূর্বাহ্ণ

বাইসাইকেল চালাতে বের হয়ে স্কুলছাত্র ফাহিম মোরশেদ পথ ভুলে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর সেনবাগ চলে যায়।

 

এদিকে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং করেও তাকে পাওয়া যাচ্ছিলো না। তার খোঁজে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। পরে শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাকে নোয়াখালোর সেনবাগ থেকে উদ্ধার করা হয়।

 

ফাহিমের বাবা লক্ষ্মীপুর কারাগারের কারারক্ষী কবির হোসেন জানান, শনিবার দুপুরে ফাহিম কারাগারের কোয়ার্টার থেকে সাইকেল চালাতে বের হয়। কিন্তু হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এজন্য সম্ভাব্য স্থানে খোঁজ, মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরিও করেছি।

 

তিনি আরও জানান, রাত ১ টা পর্যন্ত ফাহিমকে কোথাও পাওয়া যায়নি। পরে নোয়াখালির সেনবাগে ফাহিমকে পাওয়া গেছে বলে হিমেল নামে এক যুবক ফেসবুকে পোস্ট দেয়। ওই পোস্টটি লক্ষ্মীপুর কারাগারের এক রক্ষীর বন্ধুও শেয়ার দেয়।

 

ফেসবুকে দেখতে পেয়ে সেনবাগ গিয়ে ফাহিমকে উদ্ধার করা হয়। ছেলেকে খুঁজে পেতে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 

জানা গেছে, লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সাইকেল চালাতে চালাতে হঠাৎ পথ ভুলে ফাহিম সেনবাগ চলে যায়। সারাদিন সাইকেল চালিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। পরে হিমেল নামে এক যুবককে সে বলেছে সে হারিয়ে গেছে। আর কিছুই বলতে পারেনি। এতে ফাহিমের ছবি তুলে ফেসবুকে তার পরিবার ও স্বজনদের উদ্দেশ্যে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্ট দেখেই ফাহিমকে উদ্ধার করা হয়েছে। ফাহিম এখন তারা-বাবা মায়ের সঙ্গেই কারাগারের কোয়ার্টারে আছে। ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

 

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ফাহিমের বাবা নিখোঁজ ডায়েরি করেছে। রাতে তাকে খুঁজে পেয়েছে বলে শুনেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন