লক্ষ্মীপুরে হামলার ঘটনায় আহত-৩
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হোসেন মোহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে হোসেন মোহাম্মদের স্ত্রী ও মেয়ে আহত হয়। সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ধৃত মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ধৃত মাঝি বাড়ির মৃত শরবত আলীর ছেলে হোসেন মোহাম্মদের সাথে তার ভাই নান্টুর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে সোমবার সকালে ওই জমিতে ভাই নান্টুর দুই ছেলে জাকির ও আরিফ ঘর তোলার চেষ্টা করে। এসময় হোসেন মোহাম্মদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা দুই ভাই হোসেনের ওপর হামলা চালায়। এসময় হোসেনের স্ত্রী রৌশন আরা বেগম ও মেয়ে রুপালি বেগম তাকে উদ্ধার করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। দুই ভাই মিলে হোসেন কে এলোপাতাড়ি কিল ঘুসি দিতে থাকে। এতে হোসেনের চোখে ও নাকে মারাত্মক জখম হয়। পরে হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
হোসেনের মেয়ে রুপালি বেগম অভিযোগ করে বলেন, এরআগেও তারা আমার বাবার উপর হামলা চালিয়েছে। তারা জোর করে আমাদের জমি দখল করতে চায়। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।
পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ঘটনাটি হোসেন না জানালেও নান্টুর ছেলেরা আমাকে জানিয়েছে। তিনি নান্টুর ছেলেদের বরাৎ দিয়ে বলেন, নান্টুর ছেলেরা নিজেদের সম্পত্তিতে সকালে একটি রান্নার ঘর নির্মানে গিয়েছেন, কিন্তু সেখানে হোসেন এসে বাধা দেয় ও রান্নাঘরটি ভেঙ্গে পেলে। এসময় হাতাহাতি হলে হোসেন মিয়া মাটিতে পড়ে গিয়ে চোখে আঘাত পায়।
তিনি আরো বলেন, সামান্য কিছু জমি নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়েছে। এ বিষয়ে যদি উভয় পক্ষ সমাধান চায় তাহলে আমি সমাধান করার চেষ্টা করবো।