লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগে হচ্ছেটা কী?

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম বিলুপ্তির কয়েক মিনিটের মধ্যেই ওই বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। রবিবার (২১ মার্চ) রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবকলীগ ওই কমিটির বিলুপ্তির ঘোষণা দেন। রাত প্রায় সাড়ে ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল এবং সাধারণ সম্পাদক মো. মাহবুব ইমতিয়াজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সাধারণ সম্পাদক তাঁর ব্যবহৃত ফেজবুক ফেজে প্রচার করেন।

এতে উল্লেখ করা হয়েছে, ‘লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আওতাধীন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম না থাকায় উক্ত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।’ তবে কয়েক মিনিটের মধ্যেই বিজ্ঞপ্তিটি ফেসবুক থেকে সরিয়ে নেন সাধারণ সম্পাদক।

এর কিছুক্ষণের মধ্যে জেলা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল তাঁর ব্যবহৃত ফেজবুক ফেজে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘লক্ষ্মীপুর সদর স্বেচ্ছাসেবকলীগের কোন কমিটি বিলুপ্ত করা হয়নি।’

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল্যা আল নোমান সুমন এবং ১ম যুগ্ম আহ্বায়ক হাসেম আহমেদ রুপম।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল বলেন, কেন্দ্র থেকে এ মুহুর্তে কমিটি বিলুপ্ত না করার নির্দেশনা রয়েছে। তাই সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত করা হয়নি।

এদিকে, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে শিবির নেতা জামশেদ মোল্লাকে মনোনীত করার একদিন পরই ওই পদটি স্থগিত করা হয়েছে।

৭ মার্চ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদটি স্থগিতের কথা জানান।

এর আগে শনিবার (৬ মার্চ) বিকেলে সাংগঠনিক সম্পাদক পদে জামশেদকে মনোনীত করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন