লক্ষ্মীপুরে সুসজ্জিত পুলিশের গাড়িতে বাড়ি গেলেন অবসরে যাওয়া কনস্টেবল নিজাম

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পুলিশের গাড়ি ফুল দিয়ে সাজিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. নিজাম উদ্দিনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) বিকেলে পুলিশ লাইন্সে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানান জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এসময় অতিরক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত কনস্টেবল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন গ্রামের বাসিন্দা। তিনি জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

জেলা পুলিশ জানায়, লক্ষ্মীপুর পুলিশের যেসব সদস্য অবসরে যান তাদেরকে একটি গাড়ি ফুল দিয়ে সাজিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কনস্টেবল নিজামকেও একইভাবে জেলা পুলিশের সুসজ্জিত গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এরআগে পুলিশ সুপার তাকে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, বিদায় বেলায় একজন পুলিশ সদস্য সম্মান পাওয়ার অধিকার রয়েছে। বিদায়ের সময় হাসিমুখে বাড়ি যাওয়া তার জন্য বড় পাওয়া। বিদায় বেলা আমরা নিজামকে হাসিমুখে বাড়ি পৌঁছে দিতে পেরেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন