লক্ষ্মীপুরে যুবসমাবেশ থেকে বিএনপিকে যুবলীগের হুশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবিতে লক্ষ্মীপুরে যুবলীগের নেতারা যুবসমাবেশ করেছে। এসময় লক্ষ্মীপুরে কোন বিশৃঙ্খলা ঘটালেই বিএনিপকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন যুবলীগ নেতারা।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এ আয়োজন করেন। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
যুবলীগ নেতা লোটাসের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, ফরিদা ইয়াসমিন লিকা, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা ইউছুফ পাটোয়ারী, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি ও আশরাফুল আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড। তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। শান্ত লক্ষ্মীপুরকে ফের অশান্ত করতে বিএনপি উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পরিকল্পনা করছে। তাদের বিশৃঙ্খলার দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের নির্দেশনায় যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিশৃঙ্খলাকারী বিএনপিকে মাঠেই নামতে দেওয়া হবে না।