লক্ষ্মীপুরে মনোনয়ন প্রত্যাশী ৯ আইনজীবী
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯ আইনজীবী মনোনয়ন চাইছেন। মনোনয়ন পেতে কেন্দ্রে বিভিন্নভাবে লবিং করছেন তারা।
ইতিমধ্যে আওয়ামী লীগ পন্থি আইনজীবীরা আসন ভিত্তিক নৌকার প্রচারণার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তারা নির্বাচনী গণসংযোগে বিতরণ করছেন সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট। সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। নিজেদের প্রচারণায় ওঠান বৈঠকসহ বিভিন্ন সভা-সেমিনার অব্যাহত রেখেছেন।
অন্যদিকে বিএনপি পন্থি আইনজীবিরা দলীয় হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় আছেন। তবে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়নের জন্য বিভিন্নভাবে তদবির করছেন বলে দলীয় সূত্র জানায়।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন
১০টি ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন। জাতীয় সংসদের ২৭৪ নম্বর এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৮৮৩ এবং নারী এক লাখ ৪৮৯ জন।
জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন চাইছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সফিক মাহমুদ পিন্টু। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন
জাতীয় সংসদের ২৭৫ নম্বরের এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৫০০ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ২৫৯ জন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন আইনজীবী নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
একই আসনে লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবি সমিতির সভাপতি জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সি, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে কেন্দ্রে লবিং করছেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন
সূত্র জানায়, পৌরসভা ও সদর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন। জাতীয় সংসদের ২৭৬ নম্বর আসন এটি। এখানে ৩ লাখ ৯ হাজার ২০৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ২১৯ এবং মহিলা ১ লাখ ৫২ হাজার ৯৮৬ জন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের আইনজীবী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল মনোনয়ন প্রত্যাশী।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন
এ আসনে ২ লাখ ৯৮ হাজার ১৭৫ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৫৫০ এবং মহিলা এক লাখ ৪৮ হাজার ৬২৫ জন ভোটার।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সৈয়দ মোহাম্মদ সামছুল আলম। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
আওয়ামী লীগ থেকে এই আসনে মনোনয়ন চাইছেন আয়কর আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান। এদিকে জেলা জজ কোর্টের আইনজীবি মিলন মন্ডলকে বাসদ থেকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা আইনজীবী নুরউদ্দিন চৌধুরী বলেন, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ এখন সুসংগঠিত। আগামী নির্বাচনে জেলার চারটি আসনেই দলীয় প্রার্থীদের বিজয়ী করতে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি। লক্ষ্মীপুর-২ আসনে দলীয় নেতাকর্মী ও জনগনের অনুরোধে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আমি নিজেও কাজ করছি। দল মেধা, শ্রম ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করলে আমি মনোনয়ন পাবো বলে শতভাগ আশাবাদী।
বিএনপি নেতা আইনজীবি সৈয়দ মোহাম্মদ সামছুল আলম বলেন, বিনা খরচে দলীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করছি। আমি রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায়দের আর্থিক অনুদান দিয়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন।