লক্ষ্মীপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী যুবক কারাগারে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে অভিযুক্ত মোহাম্মদ বোরহান মিয়াজীকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, সোমবার সকালে বোরহানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু ছিদ্দিক মুন্না মামলা দায়ের করেন। গ্রেপ্তার বোরহান সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল খায়ের মিয়াজির ছেলে।

এজাহার সূত্র জানায়, বোরহানের ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের ব্যঙ্গচিত্রসহ একাধিক লেখা পোস্ট দেয়। ওই পোষ্টগুলো ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও সচেতন মহলের দৃষ্টি গোচর হয়। ওই পোষ্টগুলো প্রায়ই সবার ফেসবুকে দেখতে পাওয়া যায়। এ পোষ্টগুলো নিয়ে গত ৫ মার্চ চরশাহী ইউনিয়নের গোপবিন্দপুর গ্রামের দাশেরহাটে লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লোকজনের মধ্যে হাঙ্গামা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বোরহানের ফেসবুকে পোস্ট দেওয়া প্রত্যেকটি স্ক্রিনশট সংগ্রহ করে আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক মুন্না চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে বোরহানকে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন