লক্ষ্মীপুরে কলেজছাত্র জাবেদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ফোনে ডেকে নিয়ে কলেজছাত্র মো. জাবেদ হোসেন হত্যার বিচারের দাবিতে মানবন্ধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ আয়োজন করে।

এতে নিহত জাবেদের বাবা সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম, বড় ভাই মো. জাহেদ, প্রতিবেশী শামীম আনোয়ার ও মুক্তার শাহসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে জাবেদের পরিবার জানায়, সহপাঠি কলেজছাত্রী পলি আক্তারের সঙ্গে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তার ভাই ফরহাদ, রুবেল ও লিটনসহ কয়েকজন মোবাইলফোনের মাধ্যমে জাবেদকে প্রেমিকার বিজয়নগরের নানার বাড়িতে ডেকে নেয়। পরে জাবেদকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। জড়িতদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছে ভূক্তভোগী পরিবার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাবেদের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নিহত জাবেদ দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। প্রেমিকা পলি তার (জাবেদ) সহপাঠি ও একই উপজেলার পূর্ব হাসন্দি গ্রামের মো. সেলিমের মেয়ে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন