লক্ষ্মীপুরে ইলিশের বাজারে চাঁদ রাত
নিজস্ব প্রতিবেদক: ইলিশের বাজারে চাঁদ উঠেছে। হয়তো একটু পরে চাঁদের আলো নিভে যাবে। ঠিক কিছুক্ষণের জন্য দেখা দেওয়া ঈদের চাঁদের মতো। হ্যা ঠিকই, ঈদের আগের রাত যেমন বাজারে ক্রেতাদের ভীড় থাকে, তেমনি ভীড় রয়েছে ইলিশের বাজারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে মেঘনায় ইলিশ ধরা বন্ধ। ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। এজন্য নিষেধাজ্ঞার আগেই চাহিদা অনুযায়ী ইলিশ কেনায় ব্যস্ত সময় পার করছে ক্রেতারা। রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর ও দক্ষিণ তেমুহনি এলাকার ইলিশের হাট জমে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ইলিশ মাছ কিনতে মানুষের উপচে পড়া ভীড়। মানুষের ভীড়ে উত্তর ও দক্ষিণ স্টেশন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫০ টাকা, মাঝারি ইলিশ ৭০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বাজারভেদে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা, পরিবহণ ও বিক্রির শেষদিন। তাই দাম অন্যদিনের চেয়ে একটু বেশি। তারপরও ক্রেতার কমতি নেই।
জানা গেছে, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মধ্যরাত থেকে উল্লেখিত মেঘনা এলাকায় এ নিষেধাজ্ঞা শুরু হবে। ৪ নভেম্বর মধ্য রাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। মে মাস থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত ২০ হাজার মেট্টিক টন লক্ষ্যমাত্রা থাকলেও ধরা পড়েছে ৬০ শতাংশ ইলিশ। তবে জেলেদের দাবি, এ মৌসুমে ৫০ ভাগ ইলিশও তারা পায়নি।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, এ জেলায় প্রায় ৫২ হাজার জেলে আছে। আজ থেকে সরকারি নির্দেশে ইলিশ মাছ ধরা, পরিবহণ ও বিক্রি নিষেধ। তাই আজ ইলিশে বাজারে ভীড়।