লক্ষ্মীপুরে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা আবদুর রহিমকে আহবায়ক ও মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলালকে সদস্য সচিব করা হয়েছে। তারা বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আবদুর রহিম সদর উপজেলার পশ্চিম নলডগী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও হেলাল কমলনগর উত্তরপূর্ব চরজাঙ্গালিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ভবানীগঞ্জ খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এক সভায় এ কমিটি গঠন করা হয়। এসময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার শিক্ষক ঐক্যজোট প্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। তাদরে সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
রায়পুর কেরোয়া দারুস সুন্নাত ছালেহিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ সভাপতিত্বে শিক্ষক নেতা আবু ইউছুফ সভা পরিচালনা করেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হবে বলে। কমিটি ৯ সদস্য বিশিষ্ট হবে। বৃহস্পতিবার শুধু আহবায়ক-সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনকে পরে নির্বাচিত করা হবে।
নতুন কমিটির আহবায়ক ছাইফ উল্লাহ হেলাল বলেন, চাকরি জাতীয়করনসহ ৮ দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান। আন্দোলনকে গতিশীল করতে শিক্ষক প্রতিনিধিরা আমাদেরকে নতুন করে দায়িত্ব দিয়েছেন। সঠিকভাবে দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।