লক্ষ্মীপুরে অজ্ঞাত নারী-শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের ও পাশ্ববর্তী আলীপুর ব্রিজের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা ঘটনাস্থল ব্রিজের নিচে পানিতে মরদেহগুলো ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। দুটি মরদেহ অর্ধগলিত। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর ও নারীর বয়স ২২ বছর ধারণা করা হচ্ছে। নারীর পরনে প্রিন্টের সেলোয়ার কামিজ ছিল। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আশপাশের লোকজনও তাদের চেনেন না। তারা মা ও শিশু বলে ধারণা করছে স্থানীয়রা।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন