লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
লক্ষ্মীপুরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে পৃথক দুটি অগ্নিকান্ডে ১৪ টি ব্যবসা-প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ভবানীগঞ্জ ও রায়পুর ডাকঘর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সদরের ভবানীগঞ্জ মধ্যবাজারের আনোয়ারের দোকানে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যেই আগুনি ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই খালেকের ফল দোকান, রাফিকা ফ্যাশন, স্মৃতি টেইলার্স, আলী ফার্মেসী, জসিম টেইলার্স, মা মেডিসিন, জননী শাড়ী ঘর, ফারুক কীটনাশক ও শিফনের ফল দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ওয়াসী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরআগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
এদিকে রায়পুর ডাকঘর এলাকায় একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
এরআগেই একটি ওষুধের ফার্মেসী, দুটি চায়ের দোকান, একটি সাইকেল গ্যারেজ ও একটি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভূক্তভোগীরা।