রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম মৃত্যু
এই প্রথম একজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কুতুপালং নিবন্ধিত শিবিরের ৭১ বছর বয়সী বৃদ্ধ রোহিঙ্গার মৃত্যুর ২ দিন পর বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে।
শিবিরের একটি এনজিও শিবিরের আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান গত শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
সোমবার পজিটিভ রিপোর্ট আসার পরই আজ বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভুঁইয়া। ওই রোহিঙ্গার পরিবারের সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, সোমবার পর্যন্ত ২৯ জন রোহিঙ্গা করোনায় পজিটিভ হিসাবে শনাক্ত হয়ে রয়েছেন। তারা সবাই রয়েছেন শিবিরের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।