রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, ২০০ ঘর পুড়ে ছাই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মার্চ, ২০২০ ১:৪৯ অপরাহ্ণ

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ততক্ষনে পুড়ে গেছে বস্তির প্রায় ২০০ ঘর।

বুধবার (১১ মার্চ) সকালের ওই আগুন দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির ২০০ ঘর পুড়ে গেছে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘ট’ ব্লক বস্তিতে সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি।

তিনি জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পুরোপুরি চেষ্টা করছে। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন