রায়পুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী কালু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসিয়ার চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক একই ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মৃত আবদুল কাদের জমাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কৃষক কালু বৃষ্টির মধ্যে ঘাসিয়ার চরে ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতের শিখায় দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর বক্সী বলেন, পুলিশকে জানিয়ে মরদেহ দাফনের জন্য পরিবারকে জানানো হয়েছে।
হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে মৃত কৃষকের মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।