রায়পুরে করোনামুক্ত হলেন ৪৮ জন
রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন।
করোনা আক্রান্ত ১১ ব্যক্তির মধ্যে ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ১৬ জুন থেকে রেড জোন বিবেচনায় রায়পুর পৌরসভা এলাকায় লকডাউন চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন চলবে। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা মুক্তির ছাড়পত্র পেয়ে কাজে যোগদান করেছেন রায়পুর থানার ৯ পুলিশ সদস্য।
১১ আক্রান্তের মধ্যে পৌর শহরের ৬ জন, চরপাতা ইউনিয়নে ৩ জন, চর মোহনা ও বামনী ইউনিয়নে ১ জন করে রয়েছেন।
অপরদিকে সুস্থদের মধ্যে রয়েছেন চর আবাবিল ইউনিয়নে ১ জন, চর মোহনা ২ জন, সোনাপুরে ১৭ জন, কেরোয়ায় ১ জন ও পৌরসভায় ২৭ জন। এ উপজেলায় এখন পর্যন্ত ৬৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোককন বলেন, করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভায় কঠোর লকডাউন নিশ্চিত করা হয়েছে। রেডজোন এলাকা হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌর শহরে ও প্রবেশমুখের সড়কগুলোতে নজরদারীর কাজ চলছে।