রায়পুরের মীরগঞ্জে ‘মতলববাজির’ কমিটি নিয়ে উত্তেজনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জুলাই, ২০১৯ ১০:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। একটি সিন্ডিকেট বাজারের টাকা আত্মসাৎ করতে বেআইনিভাবে ‘মতলববাজির’ কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। অথচ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে মাধ্যমে গঠন করা পরিচালনা কমিটির এখনও ৫ মাস মেয়াদ রয়েছে।


এদিকে বিতর্কিত নতুন কমিটি বাতিলের দাবিতে বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন মাহবুবুর রহমান হাওলাদার। তিনি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি। নতুন কমিটিকে তিনি মতলববাজির কমিটি আখ্যায়িত করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর দুই বছরের জন্য মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন হয়। এতে সুলাইমান হাওলাদার সভাপতি ও আবু তাহের খলিফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৬ সদস্যের এ কমিটির মেয়াদ এখনো ৫ মাস রয়েছে। কমিটির কার্যক্রম চলমান।

কিন্তু বর্তমান কমিটির নেতাদের কিছু না জানিয়ে স্থানীয় জয়নাল আবেদীন, নূরনবী, ওমর পোদ্দারসহ কয়েকজন বহিরাগতদের নিয়ে একটি পকেট কমিটি ঘোষণা করে। কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল চিঠি দিয়ে নতুন কমিটির লোকজনকে সতর্ক করেছেন।

চিঠিতে ওই ইউপি চেয়ারম্যান বলেন, বাজার পরিচালনা বর্তমান কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য কোন কমিটি বৈধ নয়।


বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান হাওলাদার বলেন, মতলববাজ চক্র বাজারের টাকা আত্মসাৎ করার জন্য এ ফাঁদ পেতেছে। বহিরাগতদের দিয়ে বাজারের ব্যবসায়ীদেরকে এখন ভয়ভীতি দেখানো হচ্ছে। পকেট কমিটি বাতিল করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন বলেন, ব্যবসায়ীদের স্বার্থে আমরা কমিটি করেছি। আমাদের খারাপ কোন মতলব নেই।


জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন