রামগতিতে গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা, স্বামী পলাতক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ১২:৩৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে শরবতের নেছা (৪৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। তার স্বামী তরিকুল ইসলাম এ ঘটনা ঘটায়। এরপর থেকেই তিনি পলাতক রয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্তর গ্রামে এ ঘটনা ঘটে।

 

গৃহবধূর স্বজন ও প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে শরবতের নেছা ও তরিকুল ইসলামের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। ঘটনার সময় বৃষ্টি ছিল। হঠাৎ করে শরবতের নেছার চিৎকার শোনা যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে শরবতের নেছাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

 

পুলিশ জানায়, গৃহবধূ শরবতের নেছাকে দা দিয়ে কোপ দেয় তার স্বামী তরিকুল ইসলাম। এতে গৃহবধূর গলায়, মুখ ও কপালে রক্তাক্ত জখম হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি ঘটিয়ে তরিকুল পালিয়ে যায়।

 

রামগতি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত তরিকুল পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন