রামগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ এ দাবি জানিয়েছেন। এ সময় এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের লোকজনকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি।
নাজিম উদ্দিন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্যঘোষিত রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, এল রহমান, সাহাবুদ্দিন তুর্কি, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন বাচ্চু, বর্তমান কমিটির সদস্যসচিব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না ও সদস্যসচিব হুমায়ুন কবির সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের লোকজনকে বিএনপির কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তারা কখনো বিএনপির রাজনীতি করেনি। বিএনপি কমিটিতে তাদের স্থান মেনে নেওয়া যায় না। দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। সদ্যঘোষিত কমিটিগুলো বাতিল করে পুনরায় গঠন করা না হলে গণঅনশন করা হবে। প্রয়োজনে গণ পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা ৮টি শাখা কমিটি দিয়েছে। এর মধ্যে রামগঞ্জে কিছু অসন্তোষ আছে। এটি কেটে যাবে।
সম্মেলন ছাড়াই ২৯ অক্টোবর গভীর রাতে রামগঞ্জ উপজেলা ও পৌরসহ বিএনপি ৮টি ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়। নাজিম উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও শেখ মাহাবুবুর রহমান বাহারকে সদস্যসচিব করে ৬১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা কমিটি এবং শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে আহ্বায়ক ও আলমগীর হোসেন মিয়াকে সদস্যসচিব করে পৌরকমিটি ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পদবঞ্চিতরা। তারা নতুন কমিটির নেতাদের অবাঞ্চিত ঘোষণা করেন।
এর জের ধরে মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহাঙ্গীরের বাড়িতে নতুন কমিটির পরিচিতি সভায় হামলা চালায় পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুসকে কারণ দর্শানোর (শোকজ) করা হয়। ৪ নভেম্বর রাতে শাহাদাত হোসেন সেলিমের রামগঞ্জের বাড়িতেও ককটেল বিস্ফোরণ ও হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।