রামগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর বাড়িতে হামলা
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে বেশ কয়েকটি চেয়ার-টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বাধা দিতে গেলে নারীসহ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন হামলাকারীরা। সরকার দলীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে সেলিমের অভিযোগ। সেলিম এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও লিভারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব।
সেলিম জানান, ধানের শীষ সমর্থিত নেতাকর্মীরা তার বাড়ির সামেনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারিরা বাড়িতে থাকা কয়েকজন নারীসহ নেতাকর্মীদের মারধর করে।
একপর্যায়ে হামলাকারীরা বেশকিছু চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারা তিন জন সমর্থকের তিনটি মোবাইল ফোন নিয়ে চলে যান। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।