রামগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় চাঙ্গিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্ডিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী আব্দুর রব এবং সঞ্চালনা করেন আফসার উদ্দিন রাজন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী। তিনি বলেন, “ইসলাম ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার কথা বলে। আমরা সবাই এদেশের নাগরিক। সব ধর্ম-বর্ণের মানুষের ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। শত শত বছর ধরে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। দেশের কল্যাণে ভূমিকা রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে আপনাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ বিভিন্ন সময়ে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মন্দির-গির্জা পাহারা দিয়ে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় এগিয়ে এসেছে। আমরা দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মডেল হিসাবে স্বপ্নের রামগঞ্জ গড়ে তুলতে চাই।”
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠানের পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, রামগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াছিন পাটোয়ারী প্রমুখ।