রামগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা বহিষ্কার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। দলীয় নির্দেশনা অমান্য করে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের তালিকায় থাকা প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন খান, ২ নম্বর নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, ৩ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া, কার্যকারি কমিটির সদস্য সামছুল ইসলাম সুমন, কার্যকারি কমিটির সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী। এ ছাড়া ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ফারুকসহ অনেকে ঘোষণা দিয়ে নৌকার বিরুদ্ধে ভোট করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তৃনমূলে ক্ষোভ রয়ে গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন