রাঙ্গামাটিতে নৌ-ধর্মঘট স্থগিত
রাঙ্গামাটি জেলায় নৌযান মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট স্থগিত করা হয়েছে।
জেলায় কাপ্তাই হ্রদে বিভিন্ন নৌ-রুটে অবৈধ স্পিডবোট চলাচল বন্ধের দাবিতে বুধবার থেকে এ নৌ-ধর্মঘট ডাকা হয়। এতে প্রথম দিন লঞ্চ চলাচল বন্ধ রাখায় জেলায় যাত্রীদের যাতায়াতসহ নৌপরিবহন সংকট সৃষ্টি হয়।
পরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম।
তিনি জানান, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দিয়ে বিভিন্ন রুটে অবৈধ স্পিডবোট ও স্টাফ বোট দিয়ে স্ব-ঘোষিত কর্মসূচিতে যাত্রী পরিবহন করায় স্থানীয় লঞ্চ মালিকদের চরম আর্থিক ক্ষতি করা হচ্ছে- যা সম্পূর্ণ বেআইনি।
মঈন উদ্দিন সেলিম আরও জানান, যাত্রী টানাটানি নিয়ে অবৈধ স্পিডবোট ও স্টাফ বোটের শ্রমিকদের সঙ্গে নৌযান শ্রমিকদের মধ্যে প্রতিদিন হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে নৌযান শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জেলার সবগুলো নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখে ১০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন।
ধর্মঘটের শুরুর দিন বুধবার জেলা প্রশাসন থেকে বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দেয়ায় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।