মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাবেক বিমানমন্ত্রীর শোক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১৩ জুন) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারিদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় শাহজাহান কামাল বলেন, মোহাম্মদ নাসিম একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক ছিলেন। সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তিনি। এদেশের রাজনীতিতে তাঁর অবদান মানুষ চিরদিন স্মরণ রাখবে।
প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম (৭২) শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।