মেয়ে বেঁচে গেলেও মারা গেলেন মা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ জুলাই, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের অগ্নিকান্ডে একই ফ্লোরে কাজ করা মেয়ে বেঁচে গেলেও মারা গেলেন হতভাগা মা।মা মিনা খাতুনের সাথে একই ফ্লোরে কাজ করতেন মেয়ে চম্পা আক্তার।প্রয়োজনীয় একটা কাজে কারখানায় আগুন লাগার কিছু আগে নিচে নামেন তিনি।খানিকবাদেই আগুনের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে চম্পা বেঁচে গেলেও কারখানায় থাকা তার মা মিনা খাতুন মারা যান।

 

শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় চম্পা আক্তারের সাথে।চম্পা কাঁদছিলেন আর বিলাপ করছিলেন।

 

চম্পা বলেন, ‘আমরা চার ভাই-বোন। বাবা চায়ের দোকানী। গাউছিয়া নতুন বাজারে বাসা। কিশোরগঞ্জের সদরে আমাদের বাড়ি। আমি এক বছর আগে কাজে যোগ দেই। আর আমার মা কাজ করে দুই বছর আগে থেকে।’

 

অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে চম্পা বলছিলেন ‘ও দিন মা ঘুম থেকে ওঠে সকাল ৬টা ৪০ মিনিটে রান্না করেন। এরপর দুইজন একসাথে বের হই। কারখানায় যাই। এরপর মায়ের সাথে আর দেখা হয়নি। ৫টার কিছু আগে একটা কাজে নিচে নামি। এর কিছুক্ষণ পরই আগুন লাগে। আর আমার মায়ের সাথে আর দেখা হলো না।’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন