মান্দারীতে আ.লীগ অফিসে সিএনজি চালককে মারধর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল করিম (২৮) নামে এক সিএনজি চালককে বেধড়ক মারধর করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত আব্দুল করিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সিএনজি চালক আব্দুল করিম উপজেলার মান্দারী ইউনিয়নের মিয়াপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে ছাত্রলীগ কর্মী মিরাজ হোসেন রাসেল একই ইউনিয়নের মমিন উল্লাহ জেলের ছেলে।

আহত সিএনজি চালক আব্দুল করিম বলেন, ছাত্রলীগের মিরাজসহ ৭/৮ জন এসে আমাকে সিএনজিতে রেখেই এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে আওয়ামী লীগের অফিসে তুলে নিয়ে আমাকে মারধর করে ফেলে রাখে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মান্দারী বাজারে লাইনে দাঁড়িয়ে সিএনজিতে যাত্রী তুলছিল চালক আব্দুল করিম। এসময় গাড়ী ছাড়তে দেরি করায় এক যাত্রী ও তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই যাত্রী মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মিরাজ হোসেন রাসেল ও তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সিএনজি চালকের উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আটক করে মারধর করে তারা।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব জানান, মিরাজ হোসেন রাসেল কোনো পদে নেই তবে সে ছাত্রলীগের কর্মী। বিকালে সিএনজি চালক ও এক যাত্রীর মধ্যে যে ঘটনাটি ঘটেছে, তা সমাধান করেছে সে। তাছাড়া ওই সিএনজি চালক যাত্রী ফয়সালকে মারধর করে মারাত্মক আহত করেছে বলেও অভিযোগ করছেন থানা ছাত্রলীগের এই নেতা।

এদিকে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু মুঠোফোনে বলেন, পার্টি অফিসে সিএনজি চালককে মারধরের ঘটনাটি আমার জানা নেই। কারণ সারাদিন আমি লক্ষ্মীপুর শহরে ছিলাম। তবে এ ধরণের ঘটনা ঘটেছে, এমন সত্যতা পেলে ভুক্তভোগীকে সহযোগিতা করা হবে বলেও জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন