মাদক জীবন থেকে সুখ-শান্তি কেড়ে নেয়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এরআগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহমেদ কবীর ও জেল সুপার নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।

সভায় বক্তারা বলেন, মাদক জীবন থেকে সুখ-শান্তি কেড়ে নেয়। মাদকের ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন