ভোটের আগেই গুলিবিদ্ধ, কমলনগর-রামগতিতে ব্যাপক নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুরুর আগেই পৃথক ঘটনায় গুলিবিদ্ধসহ ২ জন আহত ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক হয়েছে। এরমধ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে বিপুল ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি।
সকালে কমলনগরের চরলরেন্স সূর্যমুখী কিন্ডার গার্টেনসহ কয়েকটি ভোটকেন্দ্রে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান পরিদর্শন করেছেন। এসময় ব্যালট নিয়ে টানাটানি করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়। সূর্যমুখী কিন্ডার গার্টেন ও মধ্য চরলরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে ভোট শুরুর আগেই বুধবার দিবাগত গভীর রাতে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একজন গুলিবিদ্ধসহ ২ জন আহত রয়েছে। ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী শেখ ফরিদ (ফুটবল) ও তার লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে। গুলিবিদ্ধ আজাদ উদ্দিন ও ধারালো অস্ত্রের কোপে আহত জাফর উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলেই আছি। কি কারণে ঘটনাটি ঘটেছে বা কারা ঘটিয়েছে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বুধবার রাতে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. মাকছুদ ও পেয়ার আহমেদ নামে দুই যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা নোয়াখালী সদর উপজেলার চুলডগী ও চর কাউনিয়া গ্রামের বাসিন্দা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরবসুর নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা বাহিনীদের নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই টহল টিমের হাতে একটি এলজিসহ দুইজন আটক হয়েছে। তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, প্রত্যেক কেন্দ্রেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্নে আশাবাদি তিনি।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা, চরলরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে চরলরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।