ভাসানচর যাবে জাতিসংঘের প্রতিনিধি দল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

অবশেষে ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে কাজ করতে আগ্রহ দেখাল জাতিসংঘ। আগামী সপ্তাহেই ভাসানচর পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের ১৪ সদস্যের প্রতিনিধি দল।

প্রথম ধাপ হিসেবে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন সংস্থাটির প্রধানরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেন সঙ্গে এ নিয়ে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সম্বনয়কারী মিয়া সেপ্পোসহ, শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আইওমসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রধানরা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সেখানে কাজের ক্ষেত্রেগুলোও পর্যালোচনা করবে এই দল।

পররাষ্ট্র সচিব জানান, প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান ও মানবিক সহায়তার কর্মসূচি ঘুরে দেখবেন। আগামী মাসে আগ্রহী রাষ্ট্রদূতরাও ভাসানচরে যাবেন।

জাতিসংঘের আবাসিক সম্বনয়কারী মিয়া সেপ্পোসহ বলেন, আমরা পররাষ্ট্র সচিব সঙ্গে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প নিয়ে আলোচনা করেছি। খুব শিগগিরি ভাসানচর পরিদর্শনেও যাচ্ছি।

মাসখানেক আগে রোহিঙ্গাদের প্রথম দলকে ভাসানচরে স্থানান্তরের সময় এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘ। গত বৃহস্পতিবার রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিষয়টি বিবেচনায় নিয়ে ভাসানচরে স্থানান্তরের সঙ্গে যুক্ত হতে জাতিসংঘকে অনুরোধ জানায় বাংলাদেশ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো ও জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি স্টিভ করলিস উপস্থিত ছিলেন।

জানা যায়, টাস্কফোর্সের সভায় রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পরিচালিত তহবিল যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) বিষয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত ২০২১ সালের তহবিলের জন্য ৯৫ কোটি ডলারের প্রস্তাব করা হয়েছে।

কক্সবাজারে শরনার্থী ক্যাম্পে আশ্রয়ে নেয়া ১১ লাখের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। ৪ ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের সেখানে নেয়া হয়। পঞ্চম ধাপে এ পর্যন্ত প্রায় ১৪ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন