বেগমগঞ্জে আ. লীগ প্রার্থী শাহনাজ নির্বাচিত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম নির্বাচিত হয়েছেন। সদ্য প্রয়াত বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী তিনি।
জেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম বলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম এক লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন ২৩ হাজার ২৫৮ ভোট পান।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ১৬ হাজার ২৩৪ জন। এ নিবার্চনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।