বিয়ে না করায় প্রেমিকার হাতে খুন প্রেমিক
মোহনানিউজ ডেস্ক: বিয়েতে আপত্তি করায় পরকীয়া প্রেমিকার হাতে খুন হয়েছেন রাজশাহীর বাগমারার দক্ষিণ সাজুড়িয়া গ্রামের পুকুর পাহারাদার আবদুস সালাম (৪৭)। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পরকীয়া প্রেমিকা শিরিন বেগম (৩৫)।
সোমবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিরিনা। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শিরিন বেগম সোমবার রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদের আমলী আদালত-২ এ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনি জানিয়েছেন, পরকীয়া প্রেমের পর বিয়ে না করায় সালামকে খুন করেছেন তিনি।
শিরিন এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও জানিয়েছেন। তার দেয়া তথ্যমতে সোমবার সন্ধ্যায় সাজুড়িয়া গ্রামের কেফা, সেলিম ও রুস্তম নামের আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সালাম হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় এ তিনজনকেও গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইফতেখায়ের আলম জানান, গলায় রশির ফাঁসের দাগ ও রক্তাক্ত অবস্থায় সালামের লাশ উদ্ধারের পরই রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহর নির্দেশনা অনুযায়ী গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে পুলিশ। এরপর হত্যায় সরাসরি অংশ নেয়া শিরিন বেগমকে আটক করা হয়। মূলত অবৈধ সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।