বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ

বিশ্ব ভালবাসা দিবসে প্রিয়তমা/প্রিয়তমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। দিবসটি উপলক্ষে এক ধরনের আমেজ বিরাজ করছে।

এদিকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এইদিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট ‘প্রেম বঞ্চিত সংঘ’নামের একটি সংগঠনের সদস্যরা। এদিন বিকেলে মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজে কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রণকারীরা শ্লোগান দেন, তুমি কে? আমি কে? বঞ্চিত, বঞ্চিত। কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না।

প্রেম বঞ্চিত সংঘের জেলা শাখার প্রচার সম্পাদক রনি হাসান বলেন, আমরা চাই, প্রেম হোক সার্বজনীন। কেউ কেউ ৫/৬টা করে প্রেম করছে। আর চেহারা খারাপ বলে, আর্থিক সঙ্গতি নেই বলে আমরা প্রেম করতে পারছি না।

এ বিষয়ে প্রেম বঞ্চিত সংঘের জয়পুরহাট জেলা শাখার সভাপতি হামিদুর রহমান স্বরণ বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারি প্রেমের নামে যে নষ্টামী চলে আমরা তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক প্রেম আমরা মেনে নেবো না।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি হামিদুর রহমান স্বরণ, সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রচার সম্পাদক রনি হাসান, দপ্তর সম্পাদক রিফাতসহ অনেকেই।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন