বিশ্বে করোনা আক্রান্ত ১২ কোটি ১৮ লাখ ছাড়ালো

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১:০৪ অপরাহ্ণ

টিকা কর্মসূচি ও নানান বিধিনিষেধ আরোপের পরও কমছে না করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত এক দিনে বিশ্বে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজারের বেশি। এনিয়ে আক্রান্ত ১২ কোটি ১৮ লাখ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৭১২ জনসহ প্রাণহানি ২৭ লাখ প্রায়। তবে সেরে উঠেছেন ৯ কোটি ৮১ লাখের বেশি মানুষ।

ব্রাজিলে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৭০০ বেশি মানুষের। এ অবস্থায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি দুই লাখ ৯৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি।

সংক্রমণ বাড়ছে ভারতেও। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্রমণ আটকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতে এখন পর্যন্ত এক কোটি ১৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৫০ জনের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন