বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়াল
মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ নানা উদ্যোগ নিলেও ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর তথ্য মতে বিশ্বে বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়ে গেছে।
সংস্থাটির সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মোট চার কোটি তিন লাখ সাত হাজার ১৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ১৮ হাজার ৬২৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি এক লাখ ২৭ হাজার ৮৯২জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।
ফরাসী বার্তাসংস্থা এএফপি’র পরিসংখ্যান বলছে, জুলাইয়ের মাঝামঝি সময়ের পর থেকে বিশ্বজুড়ে প্রতি চারদিনে নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ করে মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ৮৮ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৩২ জনের।
আক্রান্তের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার ২৩৭ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬৪২ জনের।
তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জন।
এছাড়া চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় করোনায় ১৪ লাখ ১৫ হাজার ৩১৬ জন আক্রান্ত ও ২৪ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। পঞ্চম স্থানে জায়গা করে নেয়া আর্জেন্টিনায় ৯ লাখ ৮৯ হাজার ৬৮০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২৬ হাজার ২৬৭ জন।
করোনার উৎপত্তিস্থল চীনে ৮৫ হাজার ৬৮৫ জন এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার হাজার ৬৩৪ জন।
এদিকে বিশ্বের অনেক দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে করোনার সংক্রমণ ফের বৃদ্ধি পেয়েছে। এই মহামারির ফলে আফ্রিকাসহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।