বিছানা থেকে নামতেই সাপের কামড়, প্রাণ গেল আ.লীগ নেতার স্ত্রীর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ জুন, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে সাপের দংশনে সাবিকুন নাহার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিকুন নাহার ওই গ্রামের রিপন মাদবরের স্ত্রী। রিপন মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ শেষে বিছানা থেকে নামছিলেন তিনি। এ সময় খাটের নিচে থাকা সাপ তাকে পর পর দুটি কামড় দেয়। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কাছাকাছি গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় ফিরোজুর রহমান বলেন, নিহত নারী আমার মামাতো ভাইয়ের স্ত্রী। রাতে নামাজ পড়ে খাট থেকে নামার সময় সাপে কামড় দেয়। তখনই তাকে নিয়ে মাদারীপুর রওনা হয় পরিবার। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি জ্ঞান হারান। তার ৭ বছর বয়সের একটি পুত্র ও ৫ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বেপারি বলেন, নিহত নারী নামাজ পড়ে খাট থেকে নামার সময় হয়তো সাপের ওপরে পা পড়েছিল। তখনই তাকে একটি কামড় দেয়। তিনি সাপ দেখে পা ছুড়লে দ্বিতীয়বার আবারও কামড় দেয় বলে শুনেছি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, সাপের কামড়ে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি। আহত অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন