বাংলাদেশের পরিস্থিতি ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো:কাদের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২০ ৮:২৭ অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশের চেয়ে ভালো।’ ৪ এপ্রিল, শনিবার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবিলায় ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল স্থগিত থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’

তিনি বলেন, ‘পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করতে দেয়া হবে না।’

কাদের এ মহামারি চলাকালীন নিম্ন আয়ের এবং দুস্থ মানুষকে সহায়তা করার জন্য দলের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে শনিবার নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে দেশে মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত হলো।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৬০ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১১ লাখ ১৭ হাজার ৯১৮ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন