বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে প্রস্তুত টুঙ্গিপাড়া

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ১৭ মার্চ (বৃহস্পতিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তোরণ নির্মাণ আর আলোকসজ্জাসহ নানা আয়োজনে হয়েছে সৌন্দর্য্যবর্ধনের কাজ।

১৭ মার্চ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারা। উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের সর্বত্র এখন সাজসাজ উৎসবের আমেজ। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আগামী ১৮ মার্চ (শুক্রবার) থেকে আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন