ফেরি দুর্ঘটনা: উদ্ধার হলো আরো দুই গাড়ি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের পাটুরিয়ায় কাত হওয়া ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া মোটরসাইকেল ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩টি যানবাহন ও দুটি মোটরসাইকেল উদ্ধার হলো।

শনিবার সকাল ১০টার দিকে উদ্ধারকারী হামজা চতুর্থ দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও বেলা পৌনে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, আজ হামজা আরো একটি মোটরসাইকেল ও কাভার্ডভ্যান উদ্ধার করেছে।

জানা গেছে, পানির নিচে এখনো একটি গাড়ি রয়েছে। সেটি উদ্ধার হলেই যানবাহন উদ্ধারকাজ শেষ হবে। এর আগে, চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযানে রুস্তম যুক্ত হওয়ার কথা থাকলেও শনিবার সকালে জাহাজটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়।

এর আগে, ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন