ফেনীতে পেট্রল ঢেলে কাভার্ডভ্যানে আগুন
ফেনীতে পেট্রল ঢেলে খাদ্যপণ্য বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ফেনী সদর থানার ওসি রাসেদ খান চৌধুরী জানান, রাত ১০টার দিকে খায়ের গ্রুপের পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ওই কাভার্ডভ্যানটি।
পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজের সামনে কাভার্ডভ্যানটি থামালে ৪-৫ যুবক এসে চালক মোহাম্মদ হাসান আবুলকে মারপিট করে। এ সময় তাকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সাভিসের কর্মীরা। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেলেও পণ্যের তেমন ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ভ্যানটি পুলিশলাইনসে নেয়া হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজাকে ঘিরে বর্তমানে সারা দেশে পরিস্থিতি উত্ত্যপ্ত করতে এ ঘটনাটি বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ঘটিয়ে থাকতে পারে।