ফেনীতে নতুন ৪৬ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

ফেনীতে আরো ৪৬ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০৯ জনে গিয়ে দাঁড়াল। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২৫ জন, ছাগলনাইয়ায় ১৫ জন, সোনাগাজীতে দুজন, ফুলগাজীতে তিনজন ও একজন ফেনী জেলার বাইরের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। এদের মধ্যে তিনজনের দ্বিতীয় বারের নমুনাও পজিটিভ হয়। সে হিসেবে নতুন শনাক্ত ৪৬ জন। এ ছাড়াও জেলায় করোনায় একজনের মৃত্যু ও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

সূত্র আরো জানায়, বুধবার পর্যন্ত ৪২৭৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩১৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬০৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২২৯ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১২৮ জন, ছাগলনাইয়ায় ৭৮ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ২৭ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১০ জন রোগী রয়েছে। জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১২৪ করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। মারা গেছেন ১২ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন