ফেনীতে অর্থনৈতিক অঞ্চলের জমি দখল করে মাছ চাষ
বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের জন্য ফেনীর সোনাগাজীতে অধিগ্রহণ করার জন্য নির্ধারিত কয়েক হাজার একর জমি অবৈধভাবে দখল করে মাছ চাষ করছে প্রভাবশালীরা। জমির মালিকদের অভিযোগ, অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত ও ক্ষতিপূরণ না পেলেও, দখল হারিয়েছেন জমির। প্রশাসনকে বারবার জানানো হলেও মেলেনি প্রতিকার।
চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড এবং ফেনীর সোনাগাজীর প্রায় ৩০ হাজার একর এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে, বেশকিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কোথাও কোথাও চলছে জমি অধিগ্রহণ। ফেনীর সোনাগাজীর চর খোন্দকার এলাকার কয়েক হাজার একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপর থেকেই, ওই এলাকার কৃষি জমিগুলো দখল করে মাছ চাষ করছে একটি প্রভাবশালী মহল।
জমির মালিকরা জানান, ভূমিদস্যুদের কবল থেকে জমি রক্ষায় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ ও মানববন্ধন করে। প্রতিকার মেলেনি।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের পাশাপাশি শিল্পাঞ্চল কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসক জানালেন, দখলকৃত জমি উদ্ধারে সচেষ্ট তারা। দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। শিল্পাঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।