প্রেমের টানে নোয়াখালী থেকে টাঙ্গাইলে এলেন বিলকিস!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ মার্চ, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

প্রেম মানে না কোনো জাত-পাত, বাধা-বিপত্তি। মানে না কোনো শাসন-বারণ। নোয়াখালীর নুরুল ইসলামের মেয়ে বিলকিস ভালোবাসার টানে টাঙ্গাইলের মেয়ে আঁখির কাছে ছুটে এসেছেন।

রোববার (২১ মার্চ) বিকেলে বিলকিস টাঙ্গাইলে আঁখির বাসায় এসে পৌঁছান। ফেসবুক-টিকটকে পরিচয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানান দুজনেই। এদিকে, এলাকাবাসী বিষয়টি ভিন্ন চোখে দেখলেও শিক্ষাবিদরা বলছেন, এটা তেমন কোনো সমস্যা না, সবসময় যে বিপরীত লিঙ্গের দিকেই আকর্ষণ থাকবে তাও না এটা একটি সাময়িক আকর্ষণ।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আজহার আলীর মেয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া আঁখির প্রেমে পাগল হয়ে নোয়াখালী থেকে টাঙ্গাইল চলে এসেছেন নুরুল ইসলামের মেয়ে বিলকিস আক্তার।

জানা যায়, ফেসবুক ও টিকটকে পরিচয় হয় তাদের। তারপর থেকেই দীর্ঘদিন যাবত কথা হয় হোয়াটসঅ্যাপে। জড়িয়ে পড়েন ভালোবাসার গভীর সম্পর্কে। তিন মাস আগে দুজনে একসাথে ঘরও ছেড়েছিলেন একে অপরকে ভালোবেসে। পরবর্তীতে পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হন তারা। কিন্তু সেই চাপ তাদের দমিয়ে রাখতে পারেনি।

এদিকে, এলাকাবাসী বলছেন দুই মেয়ের এই প্রেম কাহিনি কখনও দেখিনি। আজ প্রথম দেখলাম, বিষয়টি আসলেই অবাক করার মতো।

বিলকিস বলেন, আমি পরিবারকে বুঝিয়েছি তারা আমাদের সম্পর্ক মানবে না। তাই বাড়িতে থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন আঁখির পরিবার না মানলে আমরা দুজনে অন্য কোথাও গিয়ে বসবাস করব।

আঁখি বলেন, বিলকিসের সাথে ফেসবুকে পরিচয় তারপর থেকে আমরা দুজনে সম্পর্কে জড়িয়ে যাই। এখন বিলকিস এসেছে আমি ওরে আর যেতে দিব না।

এমন অসম প্রেমের বিষয়ে জানতে চাইলে আঁখি গণমাধ্যমকে বলেন, পরিবার, সমাজ আমাদের মেনে না নিলে মেরে ফেলুক। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলে একসঙ্গে মরব। পুলিশ, র‌্যাব যদি আমাদের মাইরা ফেলতে চায় তাহলে একসঙ্গে মাইরা ফেলব আর বাঁচাই রাখতে চাইলে একসঙ্গে বাঁচাই রাখবে।

অন্যদিকে, এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক বিভিন্ন বয়সি মানুষজন তাদের একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এই দুই মেয়ের সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন