পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ জুন, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

এবারের কোপা আমেরিকায় শুরু থেকে দুর্দান্ত খেলছে ব্রাজিল। সে ধারাবাহিকতা ধরে রেখে শুক্রবারও পেরুর বিপক্ষে জিতেছে দলটি। আগের ম্যাচের মতো এদিন গোল করেন নেইমার। এদিকে ম্যাচের শুরুতেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন আলেক্স স্যান্দ্রে। শেষ দিকে গোল করেন এভারটন ও রিচালিসন।

কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে শুক্রবার বাংলাদেশ সময় সকালে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথামার্ধের ১২তম মিনিটে স্যান্দ্রের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর ব্যবধান বাড়ান নেইমার। শেষ দিকে গােল করেন এভারটন। অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান রিচালিসন।

শুক্রবার প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে। তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে। সেটি থেকেই গোল করেন স্যান্দ্রো। বিরতির পর ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি পেরু। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। এর মধ্যে ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। ফ্রেদের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পেরুর গোলরক্ষক পেদ্রো।

এরপর নির্ধারিত সময়ের আগে গোল করেন এভারটন। ৮৯তম মিনিটে রিচালিসনের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এভারটন রিভেইরোর। ব্রাজিলের হয়ে এটাই তার প্রথম গোল। কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। এদিকে অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান রিচালিসন। ফিরমিনোর শট গোলরক্ষক পা দিয়ে ফিরিয়ে দিলে বল পান এভাটনের এই ফরোয়ার্ড। তার প্রথম শটও ফিরিয়ে দেন পেরুর এক খেলোয়াড়। ফিরতি বল জালে পাঠান রিচালিসন।

এরআগে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

আগামী বৃহস্পতিবার (২৪ জুন) তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন