পুলিশ প্রটেকশন চেয়ে ইসিতে এ্যানির চিঠি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৮ ৯:৩২ অপরাহ্ণ

আসন্ন নির্বাচনে প্রচার-প্রচারণাসহ সার্বক্ষণিক পুলিশ প্রটেকশন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। 

 

 

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নামে নানা অভিযোগ তুলে  রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) তিনি এ আবেদন জানান। তার পক্ষে আবেদনের চিঠি জমা দেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির ও মঞ্জু চৌধুরী।

 

 

চিঠিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে লিখেন, রাজনৈতিক প্রতিপক্ষের স্বশস্ত্র ক্যাডারগণ আমার নির্বাচনী প্রচারে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। গণসংযোগ বন্ধ করে দিয়েছে। প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছে।

 

 

গত ১০ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের নের্তৃত্বে বাঞ্চানগর সাকিনের পুরান গোডাউন সড়কের বাসায় হামলা চালানো হয়েছে।

 

 

এরপর গত ১৪ ডিসেম্বর লাহারকান্দি ইউনিয়নে সশস্ত্র হামলা হয়। গণসংযোগেও হামলার চেষ্টা চলে। গত ১২ ডিসেম্বর জকসীন বাজারে, ১৫ ডিসেম্বর মান্দারী বাজারে, ২০ ডিসেম্বর ভবানীগঞ্জ বাজার এলাকায় প্রতিপক্ষের রাজনৈতিক দলের সন্ত্রাসীরা মাইক ছিনিয়ে নিয়ে যায় ও ব্যাটারি ও মাইকের মেশিন ভাঙচুর করে।

 

 

বিভিন্ন হামলায় অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেন এ্যানী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন