পদ্মা সেতু জাতির অন্যতম সম্পদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুন, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তার হাত ধরেই উন্নয়নের মহসড়কে এগুচ্ছে দেশ। বিশ্ব ব্যাংক পিছু হটলেও প্রধানমন্ত্রীর সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ২৫ জুন সেতুটি উদ্বোধনের মাধ্যমে চলাচলের জন্য উম্মুক্ত করা হবে। পদ্মা সেতু এ জাতির অন্যতম সম্পদ। মডেল মসজিদ, পদ্মা সেতু ও আবাসন প্রকল্পগুলোর মাধ্যমে প্রধানমন্ত্রীর নাম আজীবনের জন্য মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। তার হাত ধরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ’।

শনিবার (১১ জুন) বাদ যোহর লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা জামে মসজিদে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু লক্ষ্মীপুর যুবলীগের ব্যানারে এ আয়োজন করেন।

নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম ও ইমতিয়াজ আহমেদ শরীফ প্রমুখ। এসময় শতাধিক ছাত্রসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন