ন্যাম ভবন থেকে এমপির ছেলের লাশ উদ্ধার
মোহনানিউজ ডেস্ক : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, রবিবার সকালে খবর পেয়ে তারা ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর কক্ষে অনিকের ঝুলন্ত লাশ পান।
২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনিকের চাচা শরিফুল্লাহ কাইসার সুমন তার ভাইপোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি।
অনিকের বাবা লুৎফুল্লাহর রবিবার সংসদে অধিবেশনে যোগ দিতে সকালে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কাধাক্কি করেন। এরপর দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে মরদেহটি দেখতে পান তিনি।
শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজনও মৃত্যুর কারণ বলতে পারছেন না।
এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির স্থানীয় বাড়িতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় করছেন। এলাকাসহ সমগ্র সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না।