‘নৌকা ডোবানো’ তালেব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৫ বছর পর ৪ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এতে জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেবকে সভাপতি ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এতে জোবায়ের হোসেনকে সহ-সভাপতি ও মাজহারুল ইয়াছিনকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া নতুন কমিটির চিঠি ফেসবুকে পোষ্ট করেন।

এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আবু তালেব আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মিজানুর রহিমের বিরুদ্ধে ভোট করার অভিযোগ রয়েছে। বিষয় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আওয়ামী লীগ নেতাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম জানান, তিনি মান্দারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তালেবসহ কয়েকজন তখন নৌকার বিরুদ্ধে ভোট করেছে। তাদেরই সক্রিয় ভূমিকা নৌকা ডুবিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট করে সে কীভাবে ছাত্রলীগ হয়? ৩ মাস আগে তালেবের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মো. মাসুদ কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে লিখিত অভিযোগ করেছে। আমিও অভিযোগ জানিয়েছি।

দলীয় সূত্র জানায়, একটি জন্মদিনের অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২০১৭ সালের ২ নভেম্বর রাতে চন্দ্রগঞ্জ থানা কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে কাজী মামুনুর রশিদ বাবলু আহবায়কও আবু তালেব যুগ্ম-আহবায়ক ছিলেন। তখন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ওই কমিটি বিলুপ্ত করে। পরে শাহাদাত হোসেন শরীফ ও জিয়াউল করিম নিশানের নেতৃত্বে নতুন জেলা কমিটি গঠন করা হয়।

সূত্র আরও জানায়, ২০১৯ সালের ২০ অক্টোবর শরীফ-নিশানের আহবানে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়েছে প্রার্থীদের। এছাড়া ছাত্রলীগের নেতৃত্বে মাদকসেবীদের পদপ্রাপ্তি ঠেকাতে পদপ্রত্যাশী প্রত্যেককেই ডোপ টেস্ট করতে হয়েছে। এরপরও কমিটি ঘোষণা করা হয়নি।

চলতি বছর ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলাম রকিকে সভাপতি ও শাহাদাত হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটির অনুমোদন দেন। দীর্ঘ ৫ বছর পর নতুন জেলা ছাত্রলীগ চন্দ্রগঞ্জ কমিটির অনুমোদন দেন।

আবু তালেব দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইউপি নির্বাচনে তিনি উত্তর জয়পুর ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন। নৌকার বিরুদ্ধে কখনো তিনি ভোট করেননি।

বক্তব্য জানতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির মোবাইলফোনে কল করেও পাওয়া যায়নি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।

তবে জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ইউপি নির্বাচনে আবু তালেব নৌকার বিরুদ্ধে কাজ করেছে তা কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। তবে এ বিষয়ে খবর নেওয়া হবে। সাবেক কমিটির নেতাদের খামখেয়ালির কারণে ৫ বছর পর কমিটি হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন